ঠিক কার মুখ

ঠিক কার মুখ
Photo by Jc Laurio on Pexels.com

~রফিক উল ইসলাম

white mourning dove

মধ্যরাতে, হঠাৎ এই ঘুম ভেঙে গেল, জেগে ওঠে
তুমি ঠিক কার মুখ দেখো? অনন্ত আকাশে
হারিয়ে যেতে যেতে
একলা চড়ুই তোমার ঘরের ঘুলঘুলিতে বাসা বুনেছিল,
সামান্য কিছু খড়কুটো নিয়ে। গভীর রাতে
থেমে থাকে তার উৎকণ্ঠার সব কিচির-মিচির!
হয়তো সে-ও এক সুভাষিত ভোরের অপেক্ষায়
হঠাৎ ঘুম ভেঙে জেগে জেগে ওঠে। কিন্তু প্রগাঢ় অন্ধকারে
তার মুখ দেখাও যায় না আর!

সন্ধ্যার লেবু ফুলে জেগে থাকা শিশির কণা
তোমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বলতে চেয়েছিল:
আবার দেখা হবে! কখন আর ঠিক কোথায়,
কিছুই জানা হয়নি তোমার। এখন এই ঘুম ভাঙ্গা অন্ধকারে
সেই শিশির করা কি ঠিক সেভাবেই অপেক্ষা করে আছে
শুধু তোমারই জন্যে? নাকি উড়ে চলে গেছে
অন্য কোন লেবু ফুলের দিগন্তে! কিছুতেই যেন
স্পষ্ট হয়ে উঠতে চায়না আর!

মধ্যরাতে, হঠাৎ ঘুম থেকে জেগে উঠে
তুমি ঠিক কার মুখ দেখতে চাও? ঘুলঘুলির এক কোণে
অপেক্ষার ডানা গুটিয়ে থাকা
একলা চড়ুই, নাকি লেবু ফুলের পাপড়ি ছোঁয়া
সেই মৌন শিশিরকণার?
নাকি এরা কেউ নয়,
এরা কেউই নয়!