~আবদুর রউফ

অদ্ভুত এক অন্ধকার নেমেছে বাংলায়
প্রতিদিন সবুজের বুকে চুয়ে পড়ছে রক্তলেখা,
জুঁই-ঝামেলার বনে গন্ধ কাটছে অন্ধ নষ্ট-কীট,
বিবর্ণ বাংলার মুখ, পুড়েছে অ্যাসিডে,
শান্তিকে তুলেছি চিতায়, ধর্ষিতা কুমারী বিশ্বাস,
প্রতিদানি উদ্বেগ, অনিকেত বেঁচে থাকা,
প্রতিদিন পুড়ে যায় হৃদয়ের কোমল গন্ধার…
এ সময় এক দারুণ দুঃসময়
এ সময় এক বিবেকের মরা লাশ,
এতদিন যারা মুখ ঢেকেছিল মুখোশের আড়াল,
এতদিন যারা চোখ রেখেছিল সৌখিন চশমায়,
এতদিন যারা নেকড়ের মত চৌকস দাঁত নখ,
সব ভেঙে চুরে গেছে, তবু রক্তবীজ ওরা—
ফিরে ফিরে আসে যত অদ্ভুত কঙ্কাল…
মাগো, কবে শেষ হবে আমাদের
এই হনানের সংসপ্তক
কবে তুমি পূণ্যস্নান সেরে স্নেহময়ী
সবুজ ঘাসের বুকে পদচিহ্ন এঁকে
ফিরে আসবে এই বাংলায় স্নিগ্ধ ছায়ায়…