
দিনকাল ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহকে আজমীরে বিজেপি আরএসএস সভা করতে না দেওয়ার প্রতিবাদে তীব্র নিন্দার ঝড় উঠলো কলকাতায় । শুক্রবার মধ্য কলকাতার ইরান সোসাইটিতে ‘আওয়াজ’ ও ‘সেভ ডেমোক্রেসি’ আয়োজিত এক প্রতিবাদ সভায় বিদ্ব্যৎ সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তাদের ভাষণে বিজেপি আরএসএসের বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় তোলেন। এ দিন বক্তারা বলেন, অভিনেতা নাসিরুদ্দিন শাহের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে হবে এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদিনের সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন বিচারপতি ও রাজ্য মানবিধিকার কমিশনের চেয়ারম্যান অশোক কুমার গাঙ্গলী।

তিনি বলেন ‘ভারতীয় সংবিধানের মূল কথা হল ধর্মনিরপেক্ষতা, কিন্তু বর্তমান সরকার ধর্মীয় বিভাজন তৈরি করে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছেন , মানুষ তা কোনদিন মেনে নেবে না। তার বড় প্রমাণ হল ৫ রাজ্যের ভোটে চরম বিপর্যয়’। এই সভায় উপস্থিত ছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভায়ের মেয়ে শাহেদা হালিম। তিনি ‘নাসিরুদ্দিন শাহের অপমানের বিরুদ্ধে বলতে গিয়ে বলেন, চাঁচা এমন কি বলেছেন যে, মিডিয়া বাড়িয়ে বাড়িয়ে বলছে এবং তাকে বিভিন্ন ভাবে অপমান করা হচ্ছে ও বলা হচ্ছে পাকিস্থানে চলে যেতে। তিনি আরও বলেন, দেশে একটা মহল তৈরি করা হয়েছে সাধারণ, বুদ্ধিজীবী মানুষকে ভয় দেখানোর জন্য। যে কোন সময় যে কোন লোকের উপরে হামলা হতে পারে’। অধ্যাপক অঞ্জন গোপাল বলেন, ‘নাসিরুদ্দিন শাহ যা বলেছেন তিনি ঠিক বলেছেন, গত লোকসভা নির্বাচনের সময় বিজেপি হিন্দু রাষ্ট্রের কথা বলে ছিলেন না ধর্ম নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। হিন্দু রাষ্ট্রের কথা বললে ভোট পেত না’।
এ ছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন, তারা হলেন বিচারপতি নিসার খান, চিত্র শিল্পী ওয়াসিম কাপুর, বিশিষ্ট শিক্ষাবিদ দীপক বাগচী, সাজ্জাদ জাহির, কবি মন্দাক্রান্তা সেন প্রমুখ ব্যক্তিবর্গ। সভান্তে সভাপতি অশোক কুমার গাঙ্গুলি বলেন, সর্বশেষ কথা সংবিধান রক্ষার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে, যেহেতু অধিক সংখ্যক লোক আমরা ধর্মনিরপেক্ষতার সমর্থক। কলকাতা সব সময় ধর্ম নিরপেক্ষতার পথে আছে এবং থাকবে।

