আসন্ন লোকসভা নির্বাচনে মোদীর ভয়ের কারণ তিন মহিলা নেতা

দিনকাল ডেস্কঃ  আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে বিস্তর আলোচনা।  রাজনীতিতে একচ্ছত্র ক্ষমতার উৎসে পরিণত হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গদি থেকে টলানো যাবে কি না, তাই নিয়ে চলছে বিচার-বিশ্লেষণ। অনেক বিশ্লেষক বলছেন, মোদিবধ হতে পারেন এবার নারী শক্তিতে। তিন নারীই হয়ে উঠতে পারেন চলতি বছর এপ্রিল-মের লোকসভা নির্বাচনে মোদির হন্তারক।

তাঁদের একজন নেহরু-গান্ধী বংশের প্রতিনিধিত্বকারী প্রিয়াঙ্কা গান্ধী। মাত্র গত মাসে রাজনীতিতে অভিষিক্ত হয়েছেন তিনি। এরই মধ্যে তিনি সাড়া ফেলেছেন ভারতীয় গণমাধ্যমগুলোতে। এর একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে, কিংবদন্তি কংগ্রেস নেতা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে চেহারা ও অভিব্যক্তিতে অনেকে তাঁর মিল খুঁজে পাচ্ছেন। দ্বিতীয়ত, প্রিয়াঙ্কা সুবক্তা। তৃতীয়ত, তিনি সেই বংশের প্রতিনিধি, যাঁরা ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে বেশি সময় ভারত শাসন করেছে। ভোটারদের মনে সেই আনুগত্য ফিরিয়ে আনতে প্রিয়াঙ্কার ক্যারিশমা কাজে দিতে পারে বলে অনেকের ধারণা।

দ্বিতীয়জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজনীতির অগ্নিকন্যা বলে খ্যাত মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৭ সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তিনি গড়ে তোলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এআইটিসি)। বর্তমানে দ্বিতীয় মেয়াদে রয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতায়। সংখ্যালঘুদের মধ্যে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন। গত মাসে কলকাতায় বিজেপিবিরোধী এক বিশাল সমাবেশ করে সারা দেশের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তৃতীয়জন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। উত্তর প্রদেশের রাজনীতিতে এই নেত্রীর নামই যথেষ্ট। গত মাসে তাঁর বহুজন সমাজ পার্টি (বিএসপি) জোট গড়েছে একসময়ের প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির সঙ্গে। মায়াবতী মূলত সংখ্যাগুরু হিন্দু দলিতদের প্রতিনিধিত্ব করে আসছেন।বিজেপি ত্যাগ করা সাবেক অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা বলেন, বিরোধীদের ঝুলিতে মোদির এনডিএর চেয়ে অনেক বেশি শক্তিশালী নারীনেত্রী রয়েছেন এবং তাঁরা ভোটারদের আস্থা অর্জনেও যথেষ্ট সক্ষম।