স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে মার, প্রতিবাদে রাস্তায় ছাত্রছাত্রীরা

স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে মার, প্রতিবাদে রাস্তায় ছাত্রছাত্রীরা


দিনকাল ডেস্কঃ স্কুলের মধ্যে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ মাদ্রাসা স্কুলেরই প্রশাসনিক কর্তার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ সোমবার সকাল থেকে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ওই মাদ্রাসার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এনায়েতনগর এমআই হাইমাদ্রাসার ঘটনা।   

সূত্রের খবর,ঘটনার সূত্রপাত ৩ জানুয়ারি। মাদ্রাসা বোর্ড থেকেই স্কুলে একজন কম্পিউটার শিক্ষক পাঠানো হয়। তাঁর নিয়োগ নিয়েই প্রধান শিক্ষক হাফিজ মণ্ডলের সঙ্গে তর্ক হয় স্কুলের প্রশাসনিক কর্তা তথা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নইম মিস্ত্রির। অভিযোগ, বচসা চলাকালীনই অনৈতিকভাবে নইম মিস্ত্রি প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে মারধর করেন। তাঁকে চরম হেনস্থা করা হয়। ঘটনার পর ছাত্রছাত্রীদের সামনেই অপমানে কেঁদে ফেলেন প্রধান শিক্ষক।  এরপর থেকে নইম মিস্ত্রি হাফিজ মণ্ডলকে প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। সোমবার তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক।

স্কুলের মধ্যেই প্রধান শিক্ষকের সঙ্গে এইরকম আচরণ মেনে নিতে না পেরে ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করে। সোমবার সকাল থেকেই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা।  উল্লেখ্য, এই হাই মাদ্রাসা ৭০ এর দশকে প্রতিষ্ঠা করেন ‘কোরআন প্রচার পত্রিকার সম্পাদক স্বাধীনতা সংগ্রামী মাওলানা রফিকুল ইসলাম।