
সাইফুল্লা লস্কর : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য বরাবর খবরের শিরোনামে থাকা বাসন্তী আবার উত্তপ্ত একই কারণ। তৃণমূল এবং যুব তৃণমূলের শত্রুতা এই এলাকায় অনেক পুরনো, দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গিয়েছে উভয় পক্ষের অনেক সদস্যের। মূলত গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে উদ্ভুত এই তৃণমূল এবং যুব তৃণমূলের বৈরতা আশপাশের বিভিন্ন এলাকায় প্রায় শেষ হয়ে গেলেও এই এলাকায় এখনও তেমনি আছে। লকডাউনের সময় কিছুদিন সব চুপচাপ থাকেলও আবার অশান্ত হয়ে উঠেছে এই এলাকা। এই অশান্তির বলি হয়েছে একজন স্থানীয় তৃণমূল কর্মী।
সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, আজ সকালে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকার ১১ নং সরদারপাড়া গ্রামে দুইপক্ষের মধ্যে গোলাগুলি চলাকালীন এক তৃণমূল কর্মী আমির আলী সরদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে নিহত ব্যাক্তি তাদের কর্মী ছিলেন এবং যুব তৃণমূলের লোকজন তাকে গুলি করে হত্যা করেছে। তবে যুব তৃণমূলের তরফ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য বেশ কয়েকদিন থেকে ফুলমালঞ্চ এলাকায় দুই পক্ষের মধ্যে বোমাবাজি এবং সংঘর্ষ চলছিল।
এলাকায় বিশাল পুলিশ বাহিনীসহ বাসন্তীর ওসি পৌঁছেছেন এবং অতিরিক্ত পুলিশ বাহিনী আসছে বলে খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে তবে গ্রেফতারের কোনো খবর নেই।