বারুইপুর হাসপাতালে দুষ্কৃতী সংঘর্ষ থামাতে গিয়ে এ এস আই সহ ৫ পুলিশ আহত

দিনকাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর হাসপাতালে দুষ্কৃতিদের বচসা ও হামলা থামাতে গিয়ে শেষ পর্যন্ত আক্রান্ত হল পুলিশ। আহত হয়েছে বারুইপুর থানার এ এস আই দীপঙ্কর দাস। আহত আরও ৪। আর এই ঘটনা আবারও প্রমাণ করল জেলাস্তরের হাসপাতালগুলি দুষ্কৃতিদের বধ্যভূমি। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে বারুইপুর মহকুমা হাসপাতালে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতাল চত্বর যোগী বটতলায় দাদাগিরির জন্য দুই দুষ্কৃতী গোষ্ঠীর রোগী ভর্তি নিয়ে সংঘর্ষ বাধে। বুধবার গভীর রাতে তা আরও বড় আকার ধারণ করে।

দুই দুষ্কৃতী গোষ্ঠীর সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষ বৃহস্পতিবার ভোর পর্যন্ত গড়ায়। পুলিশ এসে সংঘর্ষ থামাতে গেলে পুলিশই শেষ পর্যন্ত আক্রান্ত হয়। এলাকায় বিশাল পুলিশ নামানো হয়েছে। নামানো হয়েছে রাফও। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সংঘর্ষস্থলে প্রচুর অ্যাসিড বোতল, বোমার টুকরো ও ইট পড়ে রয়েছে বলে পুলিশের দাবী।