ধেয়ে আসছে ভয়ঙ্কর সামুদ্রিক ঘূর্ণিঝড় আমফান

সাইফুল্লা লস্কর : ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। মধ্য বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান বর্তমানে দীঘা উপকূল থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে  প্রায় ১,১৩০ কিলোমিটার দূরে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আরো জানা গিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আঘাত হবার ৭০ শতাংশ সম্ভাবনা আছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এটির গতিবেগ বর্তমানে সর্বোচ্য ঘন্টায় ২০০ কিলোমিটার যা স্থলভাগে আঘাত করার সময় ঘন্টায় প্রায় ১৮০ কিমি মতো থাকবে। ঘূর্ণিঝড়টি বুধবার সন্ধ্যার দিকে চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দীঘা ও বাংলাদেশের হাতিয়া সন্দ্বীপ উপকূল অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে। উপকূল অতিক্রম করার সময় এর গতিবেগ ঘণ্টায় প্রায় ১১৫ কিলোমিটার থাকতে পারে। এর আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই ২৪ পরগনা, ২ মেদনীপূর, হাওড়া, হুগলী এবং কলকাতায় মঙ্গলবারের দুপুর থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলা করার জন্য বিভিন্ন এলাকায় উপকূলীয় এলাকায় প্রশাসনের তরফ থেকে মাইকিং করে অধিবাসীদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে লকডাউনের মধ্যে এই ঘূর্ণিঝড় জনজীবনে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।