কলকাতার যিশু’র স্রষ্টা নীরেন্দ্রনাথ চক্রবর্তী চলে গেলেন বড়দিনের বার বেলায়

কলকাতার যিশু’র স্রষ্টা নীরেন্দ্রনাথ চক্রবর্তী চলে গেলেন বড়দিনের বার বেলায়

দিনকাল ডেস্কঃ ২০১৮ সালের সমাপ্তি হতে এখনও কয়েকদিন বাকি। তার আগেই একে একে মাতৃভূমি ছাড়ছেন বাংলার কৃতি সন্তানেরা। আজ বেলা সাড়ে ১২ নাগাদ চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ৯৪ বছর বয়সে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন ‘কলকাতার যিশু’, অথচ পরিহাসের বিষয় – বড়দিনে চলে যেতে হলো বাংলা নব্যরোম্যান্টিক কবিতার অন্যতম পুরোধাপুরুষ নীরেন্দ্রনাথকে। দীর্ঘদিনের সাংবাদিকতার জীবন, বাংলা ভাষার প্রয়োগবিধি ও বানান নিয়ে আজীবনের চিন্তা— বহু কর্মে ব্যাপৃত ছিলেন নীরেন্দ্রনাথ। কবিজীবনে তিনি পেয়েছেন অসংখ্য সম্মান। ১৯৭৪ সালে ‘উলঙ্গ রাজা’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হন তিনি। কবিতার পাশাপাশি লিখেছেন রহস্য উপন্যাসও।

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এদিন কবি, সাংবাদিক নীরেন্দ্রনাথের প্রয়াণে বাংলা সাহিত্য জগতে এক বৃহৎ শূন্যতার সৃষ্টি হল।