
আব্দুল আজিজ, সাগরদিঘী: রাজ্য জুড়ে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াকফ বোর্ডের ওয়াকফ সচেতনতা কর্মসূচী। আজ সাগরদিঘীতে হাজি গোলাম রহমান খান ওয়াকফ এস্টেট আয়োজিত ওয়াকফ সচেতনতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি। সাগরদিঘী হাজি গোলাম রহমান খান ওয়াকফ এস্টেটের অধীনে রয়েছে ১৫ বিঘা জমি ও পুকুর। এছাড়া সাগরদিঘী রেল স্টেশন সংলগ্ন এলাকার একমাত্র সব্জী বাজারটিও এই স্টেটের অংশ। হাজি গোলাম রহমান খান ওয়াকফ স্টেট কমিটির অভিযোগ, এই সব্জী বাজারের অধিকাংশ দোকানদার বিগত চার বছর থেকে তাদের ঘর ভাড়া দিচ্ছেন না। অন্য দিকে ব্যবসায়ীদের অভিযোগ, ২০১৪ সালে কমিটি গঠিত হওয়ার পরে তারা ভাড়াটিয়া ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা না করেই হঠাত আট দশ গুন ভাড়া বৃদ্ধি করে দেয়।
তবে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান কমিটির পাশে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন,” ওয়াকফ সম্পত্তি হলো আল্লাহর জন্য তাই এর সঠিক ব্যবহার করা আমাদের সকলের দায়িত্ব। আমি ব্যবসায়ী ভায়েদের বলবো তারা যেন একটা সমঝোতায় আসেন, নইলে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবো।” আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার মায়েদের সন্তান প্রসবের সুবিধার জন্য ম্যাটারনিটি নার্সিংহোম চালু করার দাবী জানান জমিয়তে আহলে হাদিসের উপদেষ্টা মন্ডলির সভাপতি শায়েখ আব্দুল্লাহ সালাফি। সাগরদিঘী সুরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক এলাকার শিক্ষিত যুবক-যুবতীদের কর্ম কসংস্থানের লক্ষ্যে ওয়াকফ বোর্ডের অধীন প্রতিযোগিতা মূলক ও বৃত্তিমূলক চাকরির প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার অনুরোধ রাখেন চেয়ারম্যানের নিকট। ইমাম মুয়াযযিনদের সাম্মানিক বৃদ্ধি সহ অন্যান্য সুবিধা প্রদানের দাবি জানান অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের পশ্চিমবঙ্গ রাজ্য সহ সভাপতি মাওলানা আব্দুত তাওয়াব। আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার ওসি সুব্রত ঘোষ, সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি বেরাজুল ইসলাম, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত সাংসদ আবু তাহের খানের প্রতিনিধি, সাগরদিঘীর বি ডি ও, হাজি গোলাম রহমান খান ওয়াকফ এস্টেট কমিটির সম্পাদক আজকের অনুষ্ঠানের প্রধান আয়োজক পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাবন্ধিক মজিবুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ। আজকের অনুষ্টানে শিক্ষক, ব্যবসায়ী সহ অন্যান্য সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।