আর এস এস পরিচালিত মোদি সরকারের  স্বৈরাচারী  নীতির  বিরুদ্ধে  গণআন্দোলন গড়ে তোলার আহ্বান

আরএসএস পরিচালিত মোদি সরকার সাম্প্রদায়িক বিভাজন, এনআরসির নামে রাষ্ট্রহীন করা ও দেশের একটি বিশেষ সম্প্রদায়কে যেভাবে নিশানা বানিয়ে স্বৈরাচারী নীতিকে কার্যকর করছে তার বিরুদ্ধে তীব্র গণআন্দোলনের আহ্বান জানানো হল। সোমবার মৌলালী যুবকেন্দ্রে “সময়ের ডাক, বাংলার প্রতিবাদ ” নামে একটি সংগঠনের গণ কনভেনশনে এই আহ্বান জানান বক্তারা। এদিনের কনভেনশনের মূল ভাবনা ছিল—“আর এস এস পরিচালিত মোদি সরকারের আক্রমণে বিপন্ন স্বদেশ, রুখে দাঁড়ান”। এদিন বক্তব্য রাখেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, বরিষ্ঠ সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য, বিশ্বনাথ চক্রবর্তী, ভানু প্রতাপ সিং, অধ্যাপিকা অনন্যা চক্রবর্তী প্রমুখ। এদিন মোদী সরকারের কাশ্মীর নীতির তীব্র সমালোচনা করেন বক্তারা। বক্তারা বলেন, সংবিধানের 368 ধারায় বলা হয়েছে একটি রাজ্যকে ভাঙতে হলে সংশ্লিষ্ট রাজ্যের আইনসভাতে আলাপ- আলোচনা করে পাশ করিয়ে লোকসভা ও রাজ্যসভার সংখ্যা গরিষ্ঠতা নিতে হয়। কেন্দ্র শাসিত অঞ্চলকে অঙ্গ রাজ্য করা হলে সেটি সম্মানের। আর কাশ্মীরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হল সব কিছু অন্ধকারে রেখে। এবার এই বিজেপি সরকার আমাদের দেশকে হিন্দু রাষ্ট্র বানাবে। দেশের বহুত্ববাদী সংস্কৃতিকে ধ্বংস করতে চায় হিটলারের কায়দায় । এন আর সি আরেকটি ষড়যন্ত্র। হিন্দীকে চাপিয়ে দিতে চাইছে। পশ্চিমবঙ্গে বাংলা- হিন্দী বিভাজন আনতে চাইছে। তাই এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন আরো তীব্র করতে হবে। এনআরসির নামে পশ্চিমবঙ্গের সর্বনাশ করতে দেব না। এদিনের সভার সঞ্চালনা করেন সাংসদ দোলা সেন।