
বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অনেকেই আশা করেছিলেন বিজেপিকে পরাজিত করে নতুন যে সরকার দিল্লিতে তৈরি হবে তাতে বড় ভূমিকা নেবে তৃণমূল। কিন্তু ফলাফল হয়েছে একেবারে উল্টো। দেশে তো বটেই রাজ্যেও থাবা বসিয়েছে বিজেপি। ৪২টির মধ্যে ১৮টি আসন জিতেছে গেরুয়া শিবির। তৃণমূলের দখলে আছে ২২ টি আসন। তবে আগামী দিনে রাজ্যে নিজেদের আধিপত্য ধরে রাখা তৃণমূলের কাছে বেশ শক্ত ব্যাপার বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এমতাবস্থায় দলের সাংসদ থেকে শুরু করে বিধায়ক দলীয় প্রার্থী, এবং জেলার নেতাদের বৈঠকে ডাকলেন মমতা।মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এই বৈঠক হচ্ছে।
সেখানে পরাজয়ের কারণ নিয়ে পর্যালোচনা হবে।দলের ফল কেন এতটা খারাপ হল তা বুঝে নেওয়ার চেষ্টা করবেন মমতা। এমনিতেই লোকসভা নির্বাচনের ফলাফল সম্পূর্ণ প্রকাশ হওয়ার আগেই টুইট করে প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন জয়ীদের অভিনন্দন। আমাদের ফল এরকম কেন হল তা আমরা খতিয়ে দেখব। পাশাপাশি তিনি লিখেছেন পরাজিত হওয়া মানেই হেরে যাওয়া নয়। এবার দলীয় নেতাদের বৈঠকে ডাকলেন নেত্রী। তিনি যখন এই বৈঠক করছেন তার আগে থেকেই দলের অন্দরে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই মুকুল রায়ের ছেলেকে দল থেকে বহিস্কার করেছে তৃণমূল। দল সূত্রে খবর আরও কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা।
