দিনকাল ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের পুল ওয়ামায় জঙ্গি হানার ঘটনার পর সারা দেশেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কাশ্মীরিরা, এমন খবর এসেছে একাধিকবার। পিছিয়ে নেই এই রাজ্যও। এখনও পর্যন্ত কাশ্মীরিরদের ওপর আক্রমণের মোট ২২’টি ঘটনার অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে। জানিয়েছে পুলিশ। “কয়েকজন বহিরাগত কাশ্মীরিদের ওপর আক্রমণ চালানোর ব্যাপারে উসকানি দিচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখনও পর্যন্ত এই রাজ্যে এমন মোট ২২’টি ঘটনার খবর এসেছে। যে ঘটনাগুলির সঙ্গে জড়িত সন্দেহে আমরা ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেফতার করেছি”, এডিজি (আইনশৃঙ্খলা) সিদ্ধনাথ গুপ্ত এই কথা জানান। কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা বলেন, “আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আমরা বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে”। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট এর আগেই ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর ঘটনার পর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধানদের তাঁদের এলাকায় শান্তি বজায় রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। কোনওভাবেইযাতে কাশ্মীরি সহ অন্য কোনও রাজ্যের মানুষ এই জঙ্গিহানা পরবরতঈ সময়ে আক্রমণের সম্মুখীন না হন, তা দেখার ব্যাপারেও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র ছাড়াও সুপ্রিম কোর্ট নোটিস জারি করেছিল বিহার, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, মেঘালয়, পাঞ্জাব এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে।

