
সাইফুল্লা লস্কর : চীনের উহান প্রদেশে উৎপত্তিলাভ করা নভেল করোনা ভাইরাস সংক্রমনে গতকাল চীনকে পিছনে ফেলে এগিয়ে গেলো আমাদের ভারত। সারাবিশ্বে ইতিমধ্যে ভাইরাসটি ৪৬ লাখের বেশি মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে এবং ৩ লাখ ১৩ হাজারে বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সুস্থ হয়ে উঠেছে প্রায় ১৭ লাখ মানুষ।
ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তদের সংখ্যা প্রায় ৯১ হাজার এবং মৃতের সংখ্যা ২ হাজার ৯০০ জন। গত বছর ডিসেম্বর মাসে উহান প্রদেশে প্রথম ধরা পড়া এই ভাইরাসে চিনে আক্রান্ত হয়েছে প্রায় ৮২ হাজার জন যাদের মধ্যে সুস্থ হতে উঠেছে ৭৮ হাজার মানুষ এবং মৃত্যু হয়েছে ৪ হাজার মানুষের। সুস্থ হয়ে উঠেছে প্রায় ৩৪ হাজার মানুষ। মৃতের সংখ্যা দেখলে চীনের তুলনায় ভারতের অবস্থা এখনও পর্যন্ত ভালো তবে চিনে বর্তমানে এই ভাইরাসের প্রকোপ প্রায় শেষ হয়ে গিয়েছে বললেই চলে এবং সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও ভারতের থেকে অনেক বেশি। যেখানে ভারতে প্রতিদিন আক্রান্তদের সংখ্যা ঊর্ধ্বমুখী।
ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা মহারাস্ট্রে যেখানে এখনও পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ সংক্রমিত হয়েছে এবং মৃত্যু হয়েছে সহস্রাধিক মানুষের। তামিলনাড়ু ভারতের দ্বিতীয় সব থেকে করোনা প্রভাবিত রাজ্য যেখানে প্রায় ১০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতির অবস্থা ক্রমশ আরো সঙ্গীন হয়ে উঠছে। কেন্দ্র ও রাজ্য সরকার গুলো লকডাউনের সময়সীমা বাড়াতে সাহস পাচ্ছে না আবার তা একেবারে তুলেও নিতে পারছেনা অধিক সংক্রমনের আশঙ্কায়। তাই প্রধনমন্ত্রী মোদী বলেছেন যে আমাদের এই করোনা সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে, তবে দেশ ব্যাপী সংক্রমণের এই ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে মোদীর এই পরিকল্পনা কতটা সঠিক প্রমাণিত হয় তার উত্তর পেতে আমাদের এখন সময়ের অপেক্ষা করতে হবে ।