এবার নাসিরুদ্দিন শাহের সমর্থনে এগিয়ে এলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

এবার নাসিরুদ্দিন শাহের সমর্থনে এগিয়ে এলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন রবিবারে নাসিরুদ্দিন শাহের সমর্থনে এগিয়ে এসেছেন। কিছুদিন আগে ভারতে মোব লিঞ্চিং এর বিরুদ্ধে কথা বলে বিতর্কে জড়াল নাসিরুদ্দিন শাহ। বিশেষ করে ডানপন্থী উগ্র হিন্দুত্ববাদীরা এই প্রবীন বিখ্যাত অভিনেতার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। ৪ জানুয়ারী বিশ্ববিখ্যাত মানবাধিকার সংস্থা  অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি ভিডিও তে ফিচার হন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও তুলোধোনা করেন সরকার কে।

তিনি বলেন “যারা সত্য তুলে ধরতে চাইছে, সরকার তাদেরকে জোর করে বন্ধ করে দিতে চাইছে। যারা অধিকারের দাবী করছে তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে”।

নাসিরুদ্দিন শাহের এই বক্তব্য নয়ে অমর্ত্য সেন কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমাদের কে অবশ্যই প্রতিহত করতে হবে সেই সব চেষ্টাগুলোকে যেগুলো নাসিরুদ্দিন শাহের মুখ বন্ধ করতে চাইছে। যেটা আপত্তিকর, সেটা আপত্তিকরই। এবং সেটা বন্ধ হওয়া উচিত”।

পোড় খাওয়া এই অর্থনীতিবিদ আরো বলেন, “দেশের অনেক সংস্থাই আজ হুমকির সম্মুখীন, তাদের যে স্বশাসিত ক্ষমতা সেগুলোর প্রতি অবৈধ হতক্ষেপ করা হচ্ছে। এমনকি সাংবাদিকদের পর্যন্ত হেনস্থা করা হচ্ছে”।

নাসিরুদ্দিন শাহের উপর আক্রমণ নিয়ে তিনি বলেন, “অন্যের মন্তব্য কে সহ্য করতে না পারাটা অনেক বড় চিন্তার বিষয় আমাদের জন্য। কারণ মানুষকে বলতে না দিলে চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ সেটা ঘটবে না”।

নাসিরুদ্দিন শাহ তাঁর ভিডিও তে আরো বলেন, ধর্মের নামে নির্দোষদের হত্যা করা হচ্ছে, শিল্পীদের প্রতি আক্রমণ নেমে আসছে। দিন দিন দেশ প্রচন্ড ভয়ঙ্কর পথে এগিয়ে যাচ্ছে।

গত বছরের ডিসেম্বরে উত্তরপ্রদেশের বুলন্দশহরে হিংসার ঘটনায় প্রাণ হারানো এক পুলিশ অফিসার কে নিয়ে তিনি মন্তব্য করেছিলেন যে “এখন ভারতে একজন মানুষের থেকে গরুকে বেশি মর্যাদা দেওয়া হচ্ছে”। এরপরেই হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়েন তিনি।