প্রাচ্য থেকে পাশ্চাত্য- আরব বিজ্ঞান ভাবনার পাশ্চাত্য গমণ-২

চৌধুরী আতিকুর রহমান

গারবার্টঃ (৯৪৫-১০০৩), ফরাসি পন্ডিত যিনি পরে পোপ সিলভেস্টার II হয়েছিলেন, ৯৭৬ খ্রিস্টাব্দে গারবার্ট এমন একটি আবাকাস আবিষ্কার করেন যেখানে পাথরের উপর আরবি অঙ্কগুলি লিখিত ছিল। যদিও এই নব্য আবিষ্কারটি অতি সামান্য সংখ্যক মানুষের কাছে পৌঁছেছিল। দশম শতকে এই অনুবাদ কার্যের ফলেই ইউরোপে গণিতের নতুন দিগন্ত খুলে গেল। মুসলিমদের শিক্ষা ও জ্ঞান থেকে জ্ঞানান্বিত হতে সমস্ত ইউরোপ থেকে পন্ডিতেরা টলেডো, কর্ডোবা এবং স্পেনের অন্যান্য নগরে ধেয়ে আসতে লাগলেন, উদ্দেশ্য আরবি থেকে ল্যাটিনে অনুবাদ।

গারবার্টের জন্ম ৯৪৫ খ্রিস্টাব্দে ফ্রান্সের অভর্ন প্রদেশের অরিল্যাকে এক দরিদ্র পরিবারে। তিনি সেন্ট জেরাল্ডে ব্যাকরণ, গণিত ও সংগীত শিক্ষা লাভ করেন। ৯৬৭ খ্রিস্টাব্দে বার্সিলোনার কাউন্ট বোরেল তাঁকে স্পেনে ডেকে আনেন। তিনি রাইপোলে সংগীত, পাটিগণিত, জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞান (কোয়াড্রিভিয়াম)-এর শিক্ষালাভ করেন। এখানে তিনি এক বিশাল এক গ্রন্থাগারের সাহায্য পান। উত্তর স্পেনের খ্রিস্টান অধিকৃত রাইপোল ও ক্যাটালোনিয়ার অন্যান্য মঠগুলি মুসলিম অধিকৃত স্পেনের আন্দালুসিয়ার সর্বাপেক্ষা নিকটবর্তী হওয়ায় ইউরোপের মধ্যে সর্বপ্রথম মুসলিম জ্ঞান-বিজ্ঞানের সুফল পেতে থাকে। এখানেই উচ্চশিক্ষা লাভ কালে তিনি ইন্দো-আরবীয় সংখ্যাতত্ত্বের সংস্পর্ষে আসেন।

গারবার্ট কিছুদিন মুসলিম উত্তর আফ্রিকার কায়রোয়ানেও শিক্ষা লাভ করেন। গারবার্টের পান্ডিত্য ছিল অপরিসীম, ছিলেন ভালো শিক্ষকও, শিক্ষার জন্যে বহু বাস্তব বিধি প্রয়োগ করেন। আবাকাস সম্পর্কে তাঁর লেখাটি সমস্ত ইউরোপে প্রথম এবং ইন্দো-আররবীয় সংখ্যাতত্ত্বের ক্ষেত্রেও প্রথম। স্পেনে তিনি মহাকাশীয় গোলক (Celestial Globe) সম্বন্ধেও জ্ঞান অর্জন করেন। মহাকাশীয় গোলকে কাল্পনিক মহাকাশীয় বৃত্ত এবং সংলগ্ন সহায়ক গোলকের উপর নক্ষত্রগুলির অবস্থান ও গ্রহগুলির ভ্রমণপথ অঙ্কিত থাকত। তিনি অ্যাস্ট্রোল্যাব সংগ্রহ করে তার ব্যবহার সম্বন্ধেও বর্ণনা দেন। গারবার্ট পূর্বতন রোমক জরিপ কার্যগুলির তীব্র সমালোচনা করেন। তিনি আরবদের উন্নত জরিপকার্য রাইপোল থেকেই শিক্ষালাভ করেন। তাঁর নামের সঙ্গেও পেন্ডুলাম ঘড়ার আবিষ্কার কৃতি জড়িয়ে আছে এবং একই সময়ে ইবন ইউনুসের (৯৫০-১০০৯) নামের সঙ্গেও রয়েছে। তবে মৌলিক কাজের উপর নির্ভর করে বলা যায় সেইসময় আরবরাই মৌলিক কাজে অগ্রগণ্য ছিল, তাই পেন্ডুলাম আবিষ্কার ইবন ইউনুসের নামের সঙ্গেই যায়।

গারবার্টের দেখানো পথেই আরব দর্শন, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা এবং প্রাচীন গ্রিক, ভারতীয় ও ইসলামি সভ্যতার গাণিতিক আবিষ্কারগুলি চর্চিত হতে থাকে। ইউক্লিডের এলিমেন্টস, আর্কিমিডিসের বিভিন্ন কাজ, আল খোয়ারিজমির পাটিগণিত ও বীজগণিতের উপর বিভিন্ন কাজ। আলগরিসমাস নামে আল খোয়ারিজমির ইন্দো-আরবীয় সংখ্যাতত্ত্ব ইউরোপ সর্বপ্রথম জানলেও বিশ্ববিদ্যালয়ের পন্ডিতদের সীমিত হাত ঘুরে আম জনতার কাছে পৌঁছানোর জন্যে ব্যবসায়ীদের অবদান বেশি। ১৩ শতকের প্রথম দিকে ইটালির পিসার লিওনার্ডো ফইবিনিসি ব্যবসায় প্রথম ব্যবহার করেন।

রাইপোল থেকে তিনি রোম যান। সেখানে পোপের প্রতিপক্ষ জন XIII গারবার্টের প্রতিভা দেখে শার্লামানের পৌত্র ক্যারোলিঞ্জীয় পবিত্র রোম সম্রাট ওট্টো I-এর সঙ্গে পরিচয় করিযে দেন। তিনি ওট্টোর পুত্রের শিক্ষক নিযুক্ত হন এবং অচিরেই ৯৯৯ খ্রিস্টাব্দে তিনি সিলভেস্টার II উপাধি নিয়ে পোপ নিযুক্ত হন।

গারবার্ট বা পোপ সিলভেস্টার নামক একাধারে সুপন্ডিত, গণিতবিদ ও ধর্মীয় উচ্চ পদাধিকারীও তৎকালীন ইউরোপের ধর্মান্ধতার শিকার হন, ‘একজন জাদুকর শয়তানের সঙ্গে যার যোগাযোগ রয়েছে’, রূপে পরিচিত হন।

যাই হোক তিনিই হলেন একক ভাবে উন্নত আরবি জ্ঞান-বিজ্ঞানের প্রাচ্য থেকে পাশ্চাত্য পরিচলনের পথিকৃত। 

আরোও পড়ুনঃ প্রাচ্য থেকে পাশ্চাত্য- আরব বিজ্ঞান ভাবনার পাশ্চাত্য গমণ-১