
ভিম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ শনিবার নাগপুরের সভা থেকে আর এস এস কে আক্রমণ করেন। তিনি বলেন, আর এস এস মনুসংহিতায় বিশ্বাসী এবং শুধুমাত্র আর এস এস কে নিষিদ্ধ করলে তবেই মনুবাদের অবসান ঘটবে।
উল্লেখ্য, নাগপুরের এই সভার জন্য নাগপুর পুলিশ অনুমতি না দেওয়ায় হাই কোর্ট থেকে অনুমতি নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ অনুমতি না দেওয়ার কারণ হিসেবে দেখায় আর এস এস এর হেড কোয়ার্টারের কাছে এই সভার অনুমতি দিলে ঝামেলা হতে পারে কারণ ভিম আর্মি এবং আর এস এস ভিন্ন আদর্শে বিশ্বাসী।
চন্দ্রশেখর আজাদ পুলিশের এই মন্তব্য তুলে বলেন, নাগপুর পুলিশ ঠিকই বলেছে কারণ আমরা ভারতীয় সংবিধান মেনে চলি আর আর এস এস মনুসংহিতা।
ভিম আর্মির এই নেতা আর এস এস কে হুঁশিয়ারি দিলে বলেন, আমার যেখানে ইচ্ছা সেখানে সভা করব। কেউ থামাতে পারবে না আমাকে। আমি গণতন্ত্রে বিশ্বাস করি।
সি এ এ ও এন আর সি নিয়ে তিনি মন্তব্য করেন, ওবিসি, দলিত ও সংখ্যালঘুদের হয়রান করার জন্য সি এ এ ও এন আর সি।
আর এস এস ও বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা আমাদের জেলে ঢোকাচ্ছো, লাঠি চার্জ করছ কিন্তু জেনে রাখ আমরাও ঘুরে দাড়াব এবং তোমাদের সমস্ত প্রাপ্র্য বুঝিয়ে দেব।