~সঞ্জিত মণ্ডল

রাত প্রভাতের আলোয় আমি দেখি সাধের ভুবন খানি,
দেখি কেমন শ্যামলিমা এই বসুন্ধরায়।
জানি বন্ধু জানি আমি তোমার শ্যামল বসনখানি
সবুজ মায়ায় বনের ছায়ায় নিবিড় ডাক পাঠায়।
দোলায় সবায় দোল দিয়ে যায় ওদের ফাগুন ফুলের মায়ায়
তোমার শাখা বিনে সখা ফুল পাবো কোথায়।
অসীম আকাশ সুনীল হাসে তোমার শাখায় বিহগ আসে
সুমিষ্ট ফল ফুলের আভাস আর পাবো কোথায়।
তুমি বন্ধু তুমি সখা তোমায় বিনা মানুষ একা
তোমার দানে নির্মল শ্বাস প্রাণ জুড়িয়ে দেয়।
তোমার উপস্থিতির জোরে সবাই বুকে বাতাস ভরে
অক্সিজেনের অভাবটা কে ভুলিয়ে দিলে হায়।
কার্বনের ওই কণাগুলো তোমারি তো খাদ্য হল
ভালোবেসে বসাই চারা চারপাশেতে তায়।
নিবিড় ঘন ছায়ার মায়া প্রাণ জুড়িয়ে দেয়।
এ দেহ মন শীতল হবে তোমার দয়া প্রাণেই রবে
তোমার ছায়ায় নিবিড় মায়ায় বৃষ্টি ঝরে যায়।
তুমি ছাড়া ঊষর ভূমি প্রাণের রসে সিক্ত তুমি
বৃক্ষনিধন তাই অভিশাপ সকলে তাই জানি।
কতো যে সহিষ্ণু তুমি নিধনে নীরব যে তুমি
ছায়া দানে বিরত নও প্রণমী তোমায়।
বৃক্ষরোপণ করি এসো প্রাণ বাঁচানোর দায়।