
মাদ্রাজ ক্যাফে থেকে বাটলা হাউস। অভিনেতা জন আব্রাহাম সবসময়েই তার দক্ষতার ছাপ রেখেছেন। বৃহস্পতিবার ‘দি গড হু লাভড মোটরবাইক’ নামক একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে রাজনীতি নিয়েও মুখ খুললেন জন আব্রাহাম।
বই প্রকাশ অনুষ্ঠানের সঞ্চালক নম্রতা জাকারিয়া বলেন, যদিও তিনি জানেন না জন আব্রাহামের রাজনৈতিক অবস্থান। তারপরেও জন আব্রাহামের কাছে জানতে চান ‘কেরালা এখনও কেন মোদি-ফায়েড হয়নি বলে মনে করেন জন? অন্য রাজ্য এবং কেরালার মানুষের মধ্যে কী পার্থক্য?
জন উত্তর দেন, “এটাই কেরালার বৈশিষ্ট যে ১০ মিটার দুরত্বের মধ্যে মন্দির-মসজিদ-চার্চ সবগুলোই শান্তিপূর্ণভাবে পাশাপাশি সহাবস্থান করছে। সেখানে কোনরকম সমস্যাই নেই। যখন সারাবিশ্ব একপেশে হয়ে যাচ্ছে তখনও কেরালাতে বিভিন্ন ধর্মের মানুষ শান্তির সঙ্গে সহাবস্থান করছে।”
তিনি আরও যোগ করেন, “যখন ফিদেল কাস্ট্রো মারা যায়, তখন আমি কেরালা যায় এবং গিয়ে দেখি পুরো কেরালা জুড়ে ফিদেল কাস্ট্রোর মৃত্যুতে শোকজ্ঞাপনে পোস্টার, হোরডিং। সেইঅর্থে কেরালা সত্যিকারের কমিউনিস্ট রাজ্য। আমার বাবা আমাকে মার্ক্সসিস্ট নিয়ে অনেক বই পড়াত। সুতরাং আমি মনে করি মাল্লুর (কেরালার বাসিন্দা) মধ্যে কমিউনিজম রয়েছে। আমরা সবাই বিশ্বাস করি সম অধিকার,সম্পদের সম বন্টনে এবং কেরালা তার একটা জ্বলন্ত উদাহরণ।”
কৃতজ্ঞতা স্বীকারঃ দি কুইন্ট