
কবি লিটন রাকিব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে গবেষণারত এবং কবি। জন্ম ১৯৯১ সালে দক্ষিণ ২৪ পরগণার মরাপিয়া গ্রামে। পড়াশুনা কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কবিতা ও লেখালেখির যোগ কিশোর বয়স থেকেই। তার প্রথম কবিতা প্রকাশিত হয় এম.এ করাকালীন একটি দৈনিক পত্রিকার রবি আসরের পাতায়। এরপর একে একে পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর প্রায় সমস্ত পত্রপত্রিকায় প্রকাশ পেতে শুরু করে তার রচিত কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ ইত্যাদি। তার লেখা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড এমনকি বাংলাদেশেও জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। সহজ সরল ভাষা ও গভীর জীবনবোধ থেকে উৎসারিত তার লেখনী তার চিন্তা চেতনা ও জীবন দর্শন আজকের সময়ে দাঁড়িয়েও অনেকখানি এগিয়ে।

তার রচনায় ফুটে ওঠে কোথাও একটা সুগভীর আত্মপ্রত্যায়। সেকারণেই তার কবিতার পংক্তিতে পংক্তিতে আত্মঅন্বেষণের অন্তহীন লড়াই চলে। ব্যতিক্রমী ও নিজস্ব বিশিষ্টতায় অনন্য কবি ও সাংবাদিক লিটন রাকিব ‘তরঙ্গ’ নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদনা করে থাকেন। সেইসাথে আমাদের দিনকাল ডট ইনের সাহিত্য বিভাগের সম্পাদক হিসেবেও কাজ করে চলেছেন তিনি। জীবন ও সমাজের প্রতি দায়বদ্ধতা মূলক রচনার জন্য সুবোধ সরকার ও নলিনী বেরার উপস্থিতিতে সম্প্রতি সম্মানিত হলেন বিশিষ্ট এই কবি ও গবেষক।