
দিনকাল ডেস্কঃ সুরাটের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু পড়ুয়া প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছে ছাদ থেকে। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর এমনই। সুরাটের তক্ষশীলা কমপ্লেক্সের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন আধিকারিকরা। বিল্ডিং এর তৃতীয় ও চতুর্থ তলা থেকে পড়ুয়াদের ঝাঁপ দেওয়ার ভিডিও ফুটেজ দেখা গেছে টেলিভিশন চ্যানেলে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৯ টি দমকল ইঞ্জিন ও দুটি হাইড্রোলিক প্লাটফর্ম ঘটনাস্থলে পৌঁছেছে। অধিকাংশ ছাত্রেরই বয়স ১৪ থেকে ১৭-র মধ্যে। দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। তক্ষশীলা কমপ্লেক্স নামের ওই বাণিজ্যিক বহুতলটির সবথেকে উপরের দু’টি তলা থেকে আগুন বেরোতে দেখা গিয়েছে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে। ঠিক কেন আগুন লাগল তা এখনও জানা যাচ্ছে না। ঘন ধোঁয়ায় এলাকা ভরে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে সাহায্য করছেন। এক আধিকারিক জানান, ১৯টি দমকল ইঞ্জিন এবং দু’টি হাইড্রোলিক প্ল্যাটফর্ম পাঠানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে। সংবাদ সংস্থা পিটিআইকে এক অগ্নি নির্বাপক আধিকারিক বলেন, ‘‘চার ও পাঁচ তলার ছাত্ররা নিজেদের বাঁচাতে নীচে লাফ দিয়েছে। অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাটানো হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে।”
(সংগৃহীত)