
২০১৪ সালে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার থাকাকালীন সুপ্রীমকোর্ট সারদা চিটফান্ড কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে সিবিআই তদন্ত মাঝেমাঝে এগিয়ে যাচ্ছে, আবার ঝিমিয়ে যাচ্ছে। এই ফাঁকে রোজভ্যালি, আয়কোর, সিলিকনভ্যালি, নারদা কান্ড আরও নানান তদন্ত সামনে এসেছে। নারদা কান্ডে প্রথম একজন আইএএস অফিসার এস এম এইচ মির্জা ধরা পড়লেন। অথচ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে ধরতে পারলেন না এখনও। তাহলে কী এর মধ্যে কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসকদলের মধ্যে কোনও গটআপ চলছে। সিবিআই অবশ্যই একটি স্বশাসিত সংস্থা। কিন্তু তাকেও কি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়? এখানেও কি রাজনৈতিক স্বার্থ যুক্ত? আবার আমাদের দেশের বিচার ব্যবস্থা দীর্ঘায়িত হলেও অনেকটাই স্বতন্ত্র। সেখানেই কি কলকাঠি নাড়ছে শাসক দল? রাজ্যের আড়াই থেকে তিনকোটি মানুষ চিটফাণ্ডের দৌলতে আর্থিকভাবে পঙ্গু। সেখানে তাদের কী হবে? তারা টাকা কবে ফেরত পাবে? কবে রাঘব-বোয়ালরা ধরা পড়বে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।