তালিবান ও আমেরিকার ঐতিহাসিক চুক্তির সাক্ষী সারা বিশ্ব, আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান ছাড়বে আমেরিকা

দোহাঃ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ কাতারের রাজধানী দোহাতে স্বাক্ষর হল বহু প্রতিক্ষিত এবং বহুবার ভেস্তে যাওয়া আমেরিকা ও তালিবানের চুক্তি।

এই চুক্তি অনুযায়ী আগামী ১৩৫ দিনের মধ্যে আমেরিকান সেনার সংখ্যা ৮৬০০ তে কমিয়ে নিয়ে আসবে। এই চুক্তি যদি তালিবান মেনে চলে তাহলে আগামী ১৪ মাসের মধ্যে সমস্ত সেনা সরিয়ে নেবে আমেরিকা।

এই চুক্তির শর্ত অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে দুই পক্ষের বন্দী বিনিময়ও হবে। কয়েক হাজার বন্দী দুই পক্ষের মধ্যে হস্তান্তর হবে বলে খবর।

আফগানিস্তান যুদ্ধ আমেরিকার ইতিহাসে সব থেকে বেশি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি যুদ্ধ।

আজকের এই চুক্তির মধ্যে সেই আমেরিকার ইতিহাসে দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

২০১৩ সাল থেকে আমেরিকা ও তালিবানের মধ্যে একাধিকবার আলোচনা হলেও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কোন পক্ষই, ফলে বার বার ব্যর্থ হয়েছে আলোচনা।

এই চুক্তিতে কী তালিবানের জয় হল?

চুক্তি বার বার ভেস্তে যাওয়ার অন্যতম কারণ ছিল আমেরিকা তাদের সেনা ঘাটি আফগানিস্তানে রাখতে চাইছিল বরাবর, অপরপক্ষে তালিবান প্রথম থেকেই দাবী করে আসছিল, আমেরিকা একটি ঔপনিবেশিক শক্তি, যেকোন মূল্যে তাদের কে আফগানিস্তান ছাড়তেই হবে।

তালিবানরা এই চুক্তিকে তাদের জয় বললেও বিশ্লেষকদের দাবী, এই চুক্তির জন্য তালিবানকে অনেক আপোষ করতে হয়েছে।

তালিবান আফগানিস্তানের বর্তমান আশরফ গনির সরকারকেও স্বীকার না করে আসলেও, চুক্তির জন্য তাদেরকে আফগানিস্তানের সরকারের সাথে আলোচনায় বসতে হবে বলেও জানা গেছে।